উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের কোনো একটি উপজেলাকে বিশেষ সুবিধা দিয়ে অন্য উপজেলাগুলোকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, দল-মত ও অঞ্চল বিবেচনায় নয়, দেশের সব উপজেলার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে ‘সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌরবিদ্যুৎ স্থাপনে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে এবং একটি উপজেলার মানুষ যে সুবিধা পাবেন, পাশের উপজেলার মানুষও যেন তা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা জরুরি। সরকারি কর্মকর্তাদের দায়িত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তাঁরা শুধু চাকরিজীবী নন, দেশের ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত এবং তাঁদের বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করছে। মন্ত্রী আরও বলেন, সরকারের নেওয়া কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃণমূলকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তাঁদের ভূমিকা রাখতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন শিগগিরই সামাজিক আন্দোলনে রূপ নেবে বলে তিনি আশাবাদী। প্রতিমন্ত্রী জানান, সৌরপ্যানেল স্থাপন ও সহায়ক সেবা ক্রয়ের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ইতিমধ্যে ৩৯০ কোটি টাকা ছাড় করা হয়েছে। তিনি গ্রামের মানুষকে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান এবং সরকারি কর্মচারীদের আর্থিক সংকট নিরসনে বর্তমান সরকার দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।