উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। কবি, কথাসাহিত্যিক, গবেষক ও সাহিত্যজগতের আট বিশিষ্টজনকে ২০২৪ ও ২০২৫ সালের এই সম্মাননা পদক দেওয়া হয়। ২০২৪ সালের আজীবন সম্মাননা পান ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং ২০২৫ সালের আজীবন সম্মাননা পান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সাহিত্য ও সৃজনশীলতার জগতে চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, সাহিত্যচর্চায় সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি উদ্যোগও প্রয়োজন, যা হতে হবে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে। আজীবন সম্মাননা পাওয়া অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, অধ্যাপক সিরাজ স্যার অন্যায়-অবিচারের বিরুদ্ধে সারা জীবন নিজের আদর্শে অবিচল থেকেছেন।
অনুষ্ঠানে টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সমকালের প্রকাশক এ কে আজাদ বলেন, সমাজ ও সংস্কৃতির বিকাশে শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মইনউদ্দীন বলেন, এ ধরনের উদ্যোগ টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি অঙ্গীকার ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বিচারকমণ্ডলীর সদস্য ফয়জুল লতিফ চৌধুরী জানান, দুই বছরের পুরস্কারের জন্য মোট ৩৬টি বই মূল্যায়ন করা হয়েছে।
তরুণ সাহিত্য বিভাগে ২০২৪ সালের জন্য নিজাম বিশ্বাস এবং ২০২৫ সালের জন্য মাহবুব ময়ূখ রিশাদ পুরস্কার পেয়েছেন। প্রবন্ধ, আত্মজীবনী ও অনুবাদ বিভাগে অধ্যাপক আবুল আহসান চৌধুরী ও নাসরীন জাহান পুরস্কার লাভ করেন। কবিতা ও সাহিত্য বিভাগে আনোয়ারা সৈয়দ হক এবং শাহীন আখতার এই সম্মাননা অর্জন করেন। অসুস্থতা নিয়েও অনুষ্ঠানে হাজির হয়ে কথাসাহিত্যিক নাসরীন জাহান তাঁর অনুভূতি প্রকাশ করেন।