উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার আশুলিয়ায় একটি প্রস্তাবিত বেসরকারি মেডিক্যাল কলেজের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। ভাড়ার নামে উত্তরা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য নির্ধারিত ওই জায়গায় এখন জোরেশোরে কাঁচামালের আড়ত নির্মাণের কাজ চলছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, আড়ত তৈরির মাধ্যমে মূলত মূল্যবান এই জমিটি স্থায়ীভাবে দখলের চেষ্টা করা হচ্ছে। ২০১০ সালে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন কমিটি ১৬৪ শতাংশ জমি মেডিক্যাল কলেজের নামে বরাদ্দ দিয়েছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদনের স্বার্থে প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছিল বঙ্গবন্ধুর নামে।
গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতারা এলাকাটির নিয়ন্ত্রণ নেন। অভিযোগ উঠেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিলুপ্ত কমিটির সদস্যসচিব মোস্তফা জামানের অনুসারীরাই এই আড়ত নির্মাণ করছেন। এর আগে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সেখানে একটি ট্রাকস্ট্যান্ড বসিয়েছিলেন।
সরেজমিনে দেখা গেছে, আড়ত তৈরির জন্য হাসপাতালের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে এবং বাঁশ-টিন দিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে। রফিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান মাসে ১৬ লাখ টাকা ভাড়ার বিনিময়ে এই কাজ করছে। প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল ইসলাম এটিকে একটি রাজনৈতিক কাজ হিসেবে উল্লেখ করেছেন।
জমিটি ভাড়া দেওয়ার বিষয়ে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোস্তফা জামান সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। কলেজের অধ্যক্ষ খুরশীদ জাহান জানান, স্কুলের মঙ্গলের জন্যই জমিটি ভাড়া দেওয়া হয়েছে। তবে ভূমি অফিসের রেকর্ড অনুযায়ী, জায়গাটি এখনো হাসপাতালের নামেই রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় কোনো ভালো চিকিৎসাকেন্দ্র না থাকায় হাসপাতালের উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন হাসপাতালের জমিতে আড়ত হওয়ায় তাদের চিকিৎসা পাওয়ার আশা ফিকে হয়ে যাচ্ছে। প্রায় ১০০ কোটি টাকা মূল্যের এই জমিটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।