উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিন পর দেশের ঘরোয়া হকি মাঠে গড়িয়েছে। আজ শনিবার রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ হকি লীগ-২০২৬-এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে এই লীগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি দেশে হকির ঘরোয়া লীগ ধারাবাহিকভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এবারের প্রথম বিভাগ হকি লীগে মোট ১১টি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু-কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার এসসি ও ঢাকা ইয়াং স্টার ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব ও শৃঙ্খলা বজায় রেখে খেলার নির্দেশনা দেন। পাশাপাশি ঘরোয়া লীগ নিয়মিত রাখতে ক্লাব ও স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হকি ফেডারেশনের কর্মকর্তা এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।