উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনালে চাকসার দৌলত পাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাকসার উত্তরপাড়া ফুটবল একাদশ।
খেলা উপভোগ করতে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়ামোদী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে স্থায়ী খেলার মাঠ গড়ে তোলার জোর দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন (মিয়া)। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকে শুভেচ্ছা জানিয়ে আয়োজনের প্রশংসা করেন এবং গ্রামীণ খেলাধুলার প্রসারে সামাজিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম মিয়া বলেন, “আজকের এই মাঠের জনসমুদ্র ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আমাদের অঞ্চলে ফুটবল খেলার জন্য একটি স্থায়ী মাঠ কতটা জরুরি হয়ে পড়েছে।”
পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলায় ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপির বক্তব্যের সূত্র টেনে তিনি বলেন, “প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির যে প্রতিশ্রুতি এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।” একই সঙ্গে মাদকের মারাত্মক ছোবল থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলায় সক্রিয় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংক কালিকচ্ছ বাজার শাখার পরিচালক আফজাল হোসেন রানা এবং ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাম্মৎ মোরশেদা বেগম। আলোচনা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। পুরো টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করেন মোঃ আউয়াল মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ ইয়াকুব মিয়া এবং মোঃ ইউসুফ মিয়া।