উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শহীদের আত্মত্যাগে অর্জিত গণতন্ত্রকে টেকসই ও অর্থবহ করতে কার্যকর সংসদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, শুধু আন্দোলন ও ত্যাগের ইতিহাসচর্চায় সীমাবদ্ধ থাকলে চলবে না। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, অর্থনীতি সচল রাখা ও আধুনিক রাষ্ট্র গঠনই এখন রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে স্বপন বলেন, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের পূর্ণতা দিতে সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করতে সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
শহীদ জেহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ স্মরণ করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করে আধুনিক ও বিজ্ঞানমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। রাজনৈতিক কর্মীদের মূল কাজ কেবল আন্দোলন নয়, বরং জনগণের মৌলিক অধিকার পূরণ করা।
শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও শিরীন সুলতানা। এ ছাড়া সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব এবং খন্দকার লুৎফর রহমানও সভায় বক্তব্য প্রদান করেন।