উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে আটক হওয়ার পর ছাড়া পেয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। মুক্তির পর তিনি অভিযোগ করে জানান, তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, বরং ‘অপহরণ’ করা হয়েছে।
ভোটার তালিকার বিশেষ সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি। এই কর্মসূচি ঠেকাতে কেন্দ্রীয় সরকার পুরো দিল্লি অবরুদ্ধ করে ইন্টারনেট পরিষেবা ও ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়। এ ছাড়া বিভিন্ন রাজ্য থেকে রাজধানীগামী ট্রেন ও বাস চলাচলও বন্ধ রাখা হয়।
সিজেপির অভিযোগ অনুযায়ী, শনিবার সকাল ৮টায় সাধারণ পোশাকে প্রায় ৫০ জন পুলিশ সদস্য গুরুগ্রামের সেক্টর ৫৬-এর বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করে। পরে পুলিশ হেফাজত থেকে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ রাঠি লেখেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, পুরো ঘটনাটি এখানে তুলে ধরলাম।’
অন্যদিকে পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে রাঠির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। উল্লেখ্য, শনিবার চারজন সাবেক মুখ্যমন্ত্রী ও সিজেপিকর্মীসহ সাত হাজারের বেশি মানুষকে আটক করা হয়। পরবর্তীতে দিপকেসহ সিজেপির তিন শীর্ষ নেতাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।