উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসছে। ২০২৬ বিশ্বকাপের পরই আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকাকে। মেসি-পরবর্তী সময়ে জাতীয় দলে একটি ‘বিশাল শূন্যতা’ তৈরি হবে বলে মন্তব্য করেছেন দলের নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
সম্প্রতি একটি ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মার্তিনেজ জানান, মেসিকে ছাড়া দলের নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নিচ্ছেন তারা। কিংবদন্তি এই তারকার শূন্যতা পূরণ করা সহজ না হলেও দলের তরুণ প্রতিভাদের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। তার মতে, তরুণদের মধ্যে দলকে এগিয়ে নেওয়ার মতো চরিত্র ও সামর্থ্য রয়েছে।
মেসির সঙ্গে দীর্ঘ সময় ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাও স্মরণ করেন মার্তিনেজ। বিশেষ করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ে মেসির অবদানের কথা কৃতজ্ঞচিত্তে উল্লেখ করে তিনি জানান, ক্যারিয়ারের সেরা সময়ে তাকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারা জীবনের অন্যতম বড় সম্মান।
মেসির সঙ্গে কাটানো মুহূর্তগুলো বিশেষ হিসেবে উল্লেখ করে মার্তিনেজ বলেন, ‘আমি সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করেছি, সে সেটা জানে। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই।’ আর্জেন্টিনার জার্সিতে এ পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।