উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার, তাঁর স্বামী অর্ণব রায় ও মো. সুমন।
পুলিশ জানায়, গত ৭ অক্টোবর রমনার কালীমন্দিরে চুরির ঘটনার তদন্তে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করা হয়। এর ভিত্তিতে শাহবাগ থানা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উত্তরখানের ধোবাদিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লিপি ও অর্ণবকে আটক করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনা কেনার অভিযোগে সুমনকে তাঁর দোকান থেকে আটক করা হয়।
শাহবাগ থানার পরিদর্শক খোকন মিয়া জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মন্দিরের প্রতিমা থেকে সোনা চুরির কথা স্বীকার করেছেন। রিমান্ডের আবেদন জানিয়ে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রমনার কালীমন্দির ছাড়াও নগরীর সিদ্ধেশ্বরী কালীমন্দির, নারায়ণগঞ্জের দেওভোগের শ্রীশ্রী লোকনাথ মন্দির এবং নরসিংদীর একটি কালীমন্দিরে সোনা চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭ অক্টোবর রমনার মন্দিরে এবং গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালীমন্দিরে সোনা চুরির ঘটনা ঘটেছিল।