উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য নৌকাবাইচকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ে। গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বেউথা এলাকায় অনুষ্ঠিত নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে নামে হাজারো মানুষের ঢল। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ নদীর পাড়, সড়ক, বাড়ির ছাদ ও আশপাশের উঁচু স্থান থেকে উপভোগ করেন জমজমাট এ প্রতিযোগিতা।
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নৌকাবাইচের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। প্রতিযোগিতায় মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২২টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। এর মধ্যে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ছান্দি ৪টি ও পানসি ৩টি নৌকা ছিল এবং পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও অংশ নেয়।
বৈঠার ছন্দময় তালে কালীগঙ্গার বুকে ছুটে চলে একের পর এক নৌকা এবং প্রতিযোগিতার শেষপর্যায়ে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নৌকাবাইচ কমিটির সদস্যসচিব মো. মাসুদ পারভেজ জানান যে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। পরে নৌকাবাইচ কমিটির সভাপতি অ্যাডভোকেট আ.তা.ম. জহির আলম খান লোদীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।