উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকার নির্ধারিত চারটি দামস্তরের আড়ালে মোট ১২টি ভিন্ন ভিন্ন দামে ৫৩টি সিগারেট ব্র্যান্ড বাজারজাত করছে কোম্পানিগুলো। এর ফলে ভোক্তাদের জন্য সামর্থ্য অনুযায়ী ব্র্যান্ড পরিবর্তনের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে এবং কেবল নিম্নস্তরেই ৮টি ভিন্ন দামের সিগারেট পাওয়া গেছে।
এই স্তরের সবচেয়ে দামি ব্র্যান্ডের দাম ৯০ টাকা, যা মধ্যমস্তরের ৯২ টাকার দামের কাছাকাছি। দেশের ৮টি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার মধ্যে পরিচালিত এক র্যাপিড সার্ভের মাধ্যমে এসব তথ্য জানা গেছে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা সেপ্টেম্বর, ২০২৬ এ জরিপটি পরিচালনা করে।
তামাকবিরোধীদের দীর্ঘদিনের দাবি সিগারেটের স্তরসংখ্যা পর্যায়ক্রমে ৪টি থেকে কমিয়ে ১টিতে নিয়ে আসা, যাতে দাম বাড়লে ভোক্তা কমদামি বা সামর্থ্য অনুযায়ী ব্র্যান্ড বেছে নেয়ার সুযোগ না পায়। ত্রুটিপূর্ণ সিগারেট করকাঠামোর কারণে বর্তমানে ১২টি পৃথক দামে সিগারেট কেনার সুযোগ থাকায় কর ও দাম বৃদ্ধি সিগারেটের ব্যবহার হ্রাসে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না।
জরিপের সুপারিশে বলা হয় মূল্যস্তরগুলোর সাথে তদূর্ধ্ব লেখা বাদ দিয়ে প্রতিটি স্তরে একটি এককমূল্য নির্ধারণ এবং পর্যায়ক্রমে স্তরসংখ্যা একটিতে নামিয়ে আনা হলে কর ও মূল্যবৃদ্ধির প্রভাব সঠিকভাবে কাজ করবে। বৈশ্বিক গবেষণা অনুযায়ী একক মূল্যস্তরে দাম ও করবৃদ্ধির কাঙ্ক্ষিত সুফলে তরুণ ও নিম্ন আয়ের মানুষ সিগারেট ছাড়তে উৎসাহিত হয়।