উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একইসঙ্গে সোমবার ১২ অক্টোবর বন্দর শ্রমিকদের অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে সংগঠনটি। এছাড়া আগামী ৩০ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
রোববার ১১ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জোটটি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ঘেরাওয়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে নেতারা বলেন, লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
নেতারা আগামীকালের অনশন কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চুক্তি থাকায় এ ইজারা দেশের নিরাপত্তার জন্য হুমকি। বন্দর ইজারা চুক্তি বাতিল না হলে শ্রমিক ও জনগণের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক এবং বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। এতে বক্তব্য দেন ডা. মুশতাক হোসেন, মাসুদ রানা, বেলাল চৌধুরী, মঞ্জুর মঈন, হারুনার রশীদ ভুঁইয়া, অধ্যাপক আব্দুস সাত্তার, আমিরুন নুজহাত মনিষা, মোশরেফা মিশু ও সৈয়দ হারুন অর রশীদ।