উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে টাইগ্রেসরা। আগামীকাল ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। অন্যদিকে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। এই চক্রে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ বার মুখোমুখি হয়ে কোনো জয় পায়নি বাংলাদেশ। ব্রিজবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে রিতু মনি ৬৩ বলে ৪৫ রান করেন এবং নাহিদা আক্তার ১৯ রানে অপরাজিত থাকেন। জবাবে ফোবি লিচফিল্ডের ৭৭ রানের সুবাদে ১৪৬ বল বাকী রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ হারের জন্য ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে তিনি বলেন, বড় জুটি গড়তে না পারা এবং পাওয়ার প্লেতে উইকেট হারানোই পরাজয়ের কারণ। তবে বাংলাদেশের হয়ে অভিষেকে ৬ ওভারে ৩৬ রানে ২ উইকেট শিকার করে নজর কেড়েছেন পেসার হাবিবা ইসলাম পিংকি। অভিষিক্ত এই পেসারের পারফরম্যান্সের প্রশংসা করে অধিনায়ক জানান, তার ইতিবাচক বোলিং পরবর্তী ম্যাচে দলের কাজে লাগবে। সিরিজ বাঁচাতে এবার ব্যাটারদের আরও দায়িত্বশীল ও ধৈর্যশীল হওয়ার তাগিদ দিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। পজিটিভ ক্রিকেট খেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।