উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন শারদীয় দুর্গাপূজায় রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে থাকবেন জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা। রোববার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সভা সঞ্চালনা করেন সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা চলাকালে সম্প্রীতি বজায় রাখতে দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা মাঠে সক্রিয় থাকবেন এবং শীর্ষ নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে দলটি। ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে এনসিপি এবং ৩০ অক্টোবর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করে আগামী ১৩ অক্টোবরের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের কাজ জোরদার করা হবে। সভায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন, নুসরাত তাবাসসুমসহ দলের শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।