উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পথনাটক প্রদর্শিত হয়। আয়োজকেরা জানান, মানসিক সংকটে পেশাদার সহায়তা নেওয়াকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করা এবং বন্ধু, সহপাঠী ও প্রিয়জনদের জন্য নিরাপদ, সহমর্মী ও বিচারহীন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরাই ছিল নাটকটির মূল উদ্দেশ্য।
নাটকটির নির্দেশক মুবাশ্বির মাহমুদ বলেন, আমাদের এই নাটকের মাধ্যমে আমরা সমাজের মানসিক স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা ও অসংবেদনশীলতাকে প্রশ্ন করতে চেয়েছি। মানসিক সংকটে থাকা মানুষকে বিচ্ছিন্ন না করে, বরং তাঁদের বোঝা, পাশে থাকা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের নাটকের মূল বার্তা।
এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে টিএসসির পায়রা চত্বরে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।