উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর এক জেলা এক পণ্য কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে খাগড়াছড়ি জেলার উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়ন শীর্ষক এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা।
প্রধান অতিথি বলেন, খাগড়াছড়ির প্রাকৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য কৃষি ও ফলমূল উৎপাদনে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করেছে। উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নয়ন, নিরাপদ উৎপাদন, আধুনিক প্যাকেজিং, যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিশ্চিতের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদা তৈরি করা সম্ভব। তিনি আরও বলেন, রপ্তানি বাড়লে কৃষকের আয়ও বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আঞ্চলিক অর্থনীতি আরও গতিশীল হবে।
সভায় সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ। তিনি বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক জেলা এক পণ্য কর্মসূচি কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার সম্ভাবনাময় পণ্য চিহ্নিত করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। খাগড়াছড়ির আম, আনারস, কমলা, কলা, কফি, কাজুবাদাম, ড্রাগন ফল, পেঁপে, কাঁঠালসহ বিভিন্ন কৃষিপণ্য এবং বাঁশ, বেত ও হস্তশিল্পজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা রয়েছে।
মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রাহমান। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক কুমকুম সুলতানা। এ ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এতে অংশগ্রহণ করেন।