উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের গোপালখালী বাজারে ১২ কেজি ওজনের একটি গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে মোঃ আলমগীর নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় ক্ষুব্ধ জনতা তাঁকে জুতা দিয়ে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আটক আলমগীর গোপালখালী গ্রামের মুনছেরের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আলমগীর এর আগেও দুই থেকে তিনবার চুরির অভিযোগে আটক হয়েছিলেন। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশ হলেও এলাকায় চুরির ঘটনা বন্ধ হয়নি বলে দাবি তাঁদের। স্থানীয়রা জানান, এলাকায় বারবার চুরির ঘটনা ঘটায় তাঁরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
এ ধরনের ঘটনা প্রতিরোধে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট থানা-পুলিশের বক্তব্য জানা যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।