উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন বন্ধ এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ভারতের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সংগঠন দুটির নেতা-কর্মীরা এই প্রতিবাদ জানান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ। রাশেদ শাহরিয়ার তাঁর বক্তব্যে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়নের ঘটনা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের দাবির আড়ালে থাকা বাস্তবতাকে উন্মোচিত করেছে। তিনি অবিলম্বে ভারত সরকারকে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।
সমাবেশটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঢাকা নগর শাখার সভাপতি নওশিন মুসতারি সাথী, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর শাখার সহসভাপতি পঙ্কজনাথ সূর্য এবং বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম।
সমাবেশ শেষ হওয়ার পর শাহবাগ এলাকা থেকে একটি মশালমিছিল বের করা হয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিলটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং ভারতের জনগণের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।