উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের জনপ্রিয় ও জনসমর্থন রয়েছে, এমন নেতাদের প্রার্থী করার নির্দেশ দিয়েছেন সরকারদলীয় সংসদীয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হয়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা সরকারদলীয় সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী প্রায় ৩০ মিনিট বক্তব্য দিয়ে দলের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা জোরদার করার পাশাপাশি আগামী নির্বাচনে ভালো ফল অর্জনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, স্থানীয় নির্বাচনে সঠিক প্রার্থী বাছাই করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শেষ হয়। চিফ হুইপ আরও জানান, আগামী ৮ নভেম্বর থেকে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে এবং অধিবেশন শুরুর আগে আবারও সরকারদলীয় সংসদীয় দলের সভা ডাকা হবে। এছাড়া সভায় দলীয় সংসদ সদস্যদের স্বৈরাচারী না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনগণের সঙ্গে নিয়ে চলতে বলা হয়েছে।
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে সংসদ সদস্যদের। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন্দল কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না বলে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী বা চাঁদাবাজ যে-ই হোক, এমনকি দলীয় পরিচয় থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।