উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের চকবাজারের গুলজার টাওয়ার রোডের মোস্থফা গলির মুখে অবস্থিত ‘হাজী বিরিয়ানি হাউজ’ নামের একটি দোকানের বিরুদ্ধে বাসি ও নষ্ট মুরগির পোলাও-বিরিয়ানি বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। গত কাল সন্ধ্যা ৯টার দিকে চক সুপার মার্কেটের বিপরীতে অবস্থিত ওই ছোট্ট দোকান থেকে ১০ প্যাকেট মুরগির পোলাও-বিরিয়ানি কেনা হয়েছিল। কিন্তু রাতে মেহমানদের নিয়ে খেতে বসে দেখা যায় প্রতিটি প্যাকেটেই বিরিয়ানি নষ্ট ও দুর্গন্ধযুক্ত।
ভুক্তভোগী ক্রেতা রাত সাড়ে ১১টার দিকে ১০ প্যাকেট নষ্ট বিরিয়ানি নিয়ে দোকানে গেলে দোকানদার কোনো অনুশোচনা না করে উল্টো তর্কে জড়িয়ে পড়েন। ডেকসি থেকেই খাবার দেওয়া হয়েছে দাবি করে তিনি জানান রাতের হিসাব ক্লোজ হয়ে গেছে, তবে পরদিন সকালে লোক পাঠালে ৫ প্যাকেট নতুন বিরিয়ানি দেবেন। কিন্তু চুক্তি অনুযায়ী আজ সকালে লোক পাঠানো হলে সম্পূর্ণ ভোল পাল্টে ফেলেন সেই দোকানদার।
ক্রেতা দেরিতে খাবার নষ্ট করেছে—এমন হাস্যকর অজুহাত তুলে দোকানদার খাবার বা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং উল্টো ফোন কেটে দেন। রাতের বেলা মেহমানদের সামনে নষ্ট খাবার পড়ায় চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় এবং পরদিন সকালে মানুষ পাঠিয়েও অযথা হয়রানির শিকার হতে হয়। খোঁজ নিয়ে জানা গেছে, এই দোকানটি নিয়ে স্থানীয়দের অনেকেরই একই অভিজ্ঞতা রয়েছে এবং এর আগেও অনেকে পঁচা ও বাসি খাবার পেয়েছেন।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, এই অভিযুক্ত ব্যবসায়ীর নতুন ব্রিজ এলাকায় ‘চুই ঝাল’ এর একটি দোকানও রয়েছে। হাজি বিরিয়ানি হাউজের মালিকের দেওয়া সেই চুই ঝাল দোকানের নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সংযোগ পাওয়া যায়নি। দোকানদার ও মালিকপক্ষের এমন প্রতারণামূলক আচরণ এবং দায়িত্বজ্ঞানহীনতায় স্থানীয় ক্রেতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।