উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে অপরাধীদের বিরুদ্ধে মোট ৪২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানান। তিনি জানান, অভিযানে সবচেয়ে বেশি ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে।
অভিযান চলাকালে পুলিশ ১০ হাজার ৮৭২টি ইয়াবা, পাঁচ কেজি গাঁজা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করে। মাদকের পাশাপাশি দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকাও জব্দ করা হয়।
তেজগাঁও বিভাগে ৮১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন এবং ওয়ারী বিভাগে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মতিঝিল, উত্তরা, রমনা, গুলশান ও ডিবি পুলিশও এই অভিযানে অংশ নেয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।