উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম নামে এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত গভীর রাতে একটি ব্যাগ থেকে এই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী সিএনজিচালিত অটোরিকশা চালক দুলাল হাওলাদারকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিরিন বেগম দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফেরার পর তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলেন এমন সন্দেহে গত দুই দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল বাড়ির মালিক ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিরিনের খণ্ডিত লাশ উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, শিরিনকে হত্যার পর লাশ চার টুকরা করে একটি ব্যাগে লুকিয়ে রাখেন দুলাল। ব্যাগের ভেতর মাথা, গলা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এই নৃশংস ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।