উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রতিটি কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল দিবসটি পালিত হবে এবং এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।
রাষ্ট্রপতি বলেন, প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত অঙ্গীকার। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের মানবসম্পদ ও সমৃদ্ধির কারিগর। তবে বৈষম্য, সহিংসতা, নিরাপত্তাহীনতা ও বাল্যবিবাহের কারণে তাদের স্বাভাবিক অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে।
তিনি জানান, নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে বাল্যবিবাহ বন্ধে নিরোধ কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে এবং দেশব্যাপী কিশোর-কিশোরী ক্লাবের সংখ্যা বাড়িয়ে সেগুলোকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুর মতামতকে অগ্রাধিকার দিতে হবে এবং তাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ তৈরি করতে হবে। কন্যাশিশুর জন্য একটি সহায়ক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা গেলে আধুনিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।