উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ. কে. এম. সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম অংশ নেন। এ ছাড়া সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান এতে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে স্মরণ করে আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গ্রামীণ সড়ক নির্মাণের স্থায়িত্ব ও স্বচ্ছতা নিশ্চিতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি জামানত নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি এডিস মশা নিধনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান তদারকি, আর্সেনিকযুক্ত এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা এবং কর্মকর্তাদের জন্য অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়।
কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও স্বজনপ্রীতিমুক্ত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বৈঠকে মন্ত্রণালয়ের বিগত ১৮০ দিনের কার্যক্রমের প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিবদ্বয়, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।