উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের শ্রীপুরে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, যাতায়াতের রাস্তা বন্ধ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ ও পরিবারের নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আইন উদ্দিন (৫৮)।
লিখিত বক্তব্যে আইন উদ্দিন জানান, শ্রীপুর থানাধীন তেলিহাটি মৌজার আরএস ৪৩৪ নং খতিয়ানের ৬২০৪, ৬২০৫ ও ৬২০৬ নং দাগের জমি তাদের পৈতৃক সম্পত্তি। স্থানীয় প্রভাবশালী হুমায়ুন রশিদ, জসিম উদ্দিন, নুরুল আমিন, জহিরুল ও আল-আমীনসহ সহযোগীরা এই জমি দখলের চেষ্টা করছেন।
অভিযোগে বলা হয়, বসতবাড়ির চলাচলের একমাত্র এজমালি রাস্তা কেটে সেখানে আরসিসি পিলার স্থাপন করে তাদের অবরুদ্ধ করার অপচেষ্টা চলছে। গত ২৪ সেপ্টেম্বর অবৈধ ঘর নির্মাণে বাধা দিলে বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। পৈতৃক সম্পত্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার, তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।