উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ কয়েক দশক ধরে সহিংসতার মধ্যে দিয়ে গেলেও রাজধানী পেশোয়ার বেশির ভাগ সময় রাজনৈতিকভাবে স্থিতিশীলই ছিল। তবে গতকাল রোববার প্রদেশটিতে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি হওয়ার পর এ পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ক্ষমতায় রয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর থেকে লংমার্চ শুরু হয়েছে এবং এর গন্তব্য রাজধানী ইসলামাবাদ। ইমরানের মুক্তিসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পিটিআই ও পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মুখোমুখি অবস্থানের মধ্যে গতকাল রোববার শাহবাজ শরিফ সরকার খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারির ঘোষণা দেয়।
ডনের এক প্রতিনিধি জানান, শহরের বিআরটি বাসস্টেশনগুলো বন্ধ রয়েছে এবং ফিরদৌস চকে শিপিং কনটেইনার রেখে জিটি রোডও বন্ধ করে দেওয়া হয়েছে। খাইবার রোডের দিকে যাওয়ার সড়কটি কনটেইনার দিয়ে বন্ধ করার পাশাপাশি সিভিল সেক্রেটারিয়েট ছিল পুরোপুরি জনশূন্য।
বহু বছর ধরে পেশোয়ার থেকে বিক্ষোভ মিছিল ইসলামাবাদে যাওয়ার কারণে পাকিস্তানের রাজধানী কনটেইনার দিয়ে দুর্গের মতো করে ফেলতে হতো, তবে এবার ইসলামাবাদই পেশোয়ারে কনটেইনার পাঠিয়েছে। গতকাল বিকেলে ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে গেছে এবং এসব কনটেইনার আর কত দিন এখানে থাকবে, সেটাই এখন দেখার বিষয়।