উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে র্যালি, সেমিনার, কর্মশালা ও মানসিক স্বাস্থ্য মূল্যায়ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
তিনি বলেন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মধ্যেই মানসিক স্বাস্থ্যচর্চাকে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং এটি দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত চর্চার বিষয়। দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগ থাকা সত্ত্বেও জাতীয় পর্যায়ে এ বিষয়ে পেশাগত গুরুত্ব ও যথাযথ মূল্যায়নের সীমাবদ্ধতা রয়েছে। এখনই মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব অনুধাবন করে এ খাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সময় এসেছে।
মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আশোক কুমার সাহা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ও অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান।
সেমিনারে মানসিক স্বাস্থ্য বিষয়ে তিনটি শিরোনামে কর্মশালা হয়েছে। এসব কর্মশালায় মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক সুস্থতা রক্ষা এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য— ‘জীবনের অভিজ্ঞতা শুনি : সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’। প্রতিপাদ্যটির আলোকে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনা, মানসিক সমস্যার বিষয়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।