উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেহেরপুরের মুজিবনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কার্যক্রমের প্রথম ধাপে উপজেলার তিনটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ১৫ জন কর্মীর হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর তথ্য নির্ধারিত পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।
সোমবার দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুপায়ন দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
উপজেলার বাগোয়ান, দারিয়াপুর ও মহাজনপুর—এই তিনটি ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের হাতে তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য ট্যাব তুলে দেওয়া হয়। ট্যাবের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা হবে।