উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুর-১২-এর ব্লক-বিতে অবস্থিত প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও হাতে-কলমে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে আয়োজিত এ মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের নানা ব্যতিক্রমী প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণির প্রায় ২০০ শিক্ষার্থী নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে এবং মোট ৪৫টি স্টলে স্থান পায় শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী ধারণা। প্রকল্পগুলোর মধ্যে ছিল সৌরবিদ্যুৎচালিত স্মার্ট বাড়ি, পরিবেশবান্ধব পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা, রোবোটিক হাত ও সেন্সর প্রযুক্তি, স্মার্ট সিটি মডেল এবং স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।
পল্লবী থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলের এ আয়োজন প্রশংসনীয় বলে মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের অধ্যক্ষ শহীদুর রহমান বলেন, বিজ্ঞান ভীতি নয়, বিজ্ঞান হোক আনন্দের এবং শিক্ষার্থীদের সৃজনশীল মনোভাব গড়ে তোলা এর উদ্দেশ্য।
বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি প্রকল্প নির্বাচন করা হয় এবং প্রধান অতিথি নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে অধ্যক্ষ শহীদুর রহমান আগত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিত বিজ্ঞান মেলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।