উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন বাংলাদেশি নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে পাঠানো সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকের ওই হামলায় বিভিন্ন দেশের মোট ১৩ জন নিহত ও ৩০৯ জন আহত হন।
আহত ২৭ জন বাংলাদেশির মধ্যে ১১ জন প্রবাসী কর্মী এবং ১৬ জন ওমরাহ ভিসার যাত্রী। প্রাথমিক চিকিৎসার পর ১২ জনকে রিলিজ দেওয়া হলেও বর্তমানে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত পাঁচজনের মধ্যে চারজন শংকামুক্ত হলেও ওমরাহ ভিসায় আগত নওগাঁর বাসিন্দা সাফফাত রহমানের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর রিয়াদ বিমানবন্দরে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি আটকা পড়েন। ওমরাহ পালনের উদ্দেশ্যে আগত ১৭ জনকে মেরিয়ট হোটেল, ২৫ জনকে রেডিসন ব্লু এবং ৪০ জনকে প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়। বাতিল হওয়া ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দাম্মামস্থ কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এদিকে বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মী আগমন, প্রত্যাবর্তন এবং মৃতদেহ প্রেরণ বাধাগ্রস্ত হবে। সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশি নাগরিকদের জরুরি সেবা প্রদানে প্রস্তুত রয়েছে।