উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান তিনি। ওয়ানডে মেজাজে খেলে ১১৪ বলে ক্যারিয়ারের ৫৭তম টেস্টে সপ্তম সেঞ্চুরির দেখা পান ডান-হাতি এই ব্যাটার। দু’বার জীবন পেয়ে ১৪টি চারে ১১৭ বলে ১০২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন লিটন দাস। এই ইনিংস খেলার পথেই আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করেন তিনি।
লিটনের আগে বাংলাদেশের হয়ে এই বিশেষ তালিকায় নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিম ৫৪৪ ইনিংসে ১৬২৫২, তামিম ইকবাল ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন। এছাড়া সাকিব আল হাসান ৪৯১ ইনিংসে ১৪৭৩০ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৪৩৩ ইনিংসে ১১০৪৭ রান সংগ্রহ করেছেন। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর তিন ফরম্যাট মিলিয়ে ২৮৫ ম্যাচের ৩২৪ ইনিংসে লিটনের মোট রান এখন ৯০৮৪।
আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচের আগে তার রানসংগ্রহ ছিল আন্তর্জাতিক অঙ্গনে। এর মধ্যে ৫৭ টেস্টে ৩৫১১ রান, ১০৪ ওয়ানডেতে ২৮৬৯ রান এবং ১২৪ টি-টোয়েন্টি ম্যাচে ২৭০৪ রান করেছেন তিনি। ২০১৫ সালের ১০ জুন টেস্ট ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয়েছিল লিটনের। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি আজ দেশের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন।