উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ ও ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা হত্যা, ধর্ষণ, ছিনতাই, হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মাওলানা মামুনুল হক। তিনি প্রতিটি অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
বৈঠকে রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করে ওমরাহ যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, বেসামরিক মানুষের জীবন রক্ষায় সংঘাতের সঙ্গে জড়িত পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এছাড়া ইসরায়েলকে শক্তিশালী করে—এমন সব কার্যক্রম থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
উক্ত বৈঠকে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক ও মাওলানা কুরবান আলীসহ বহু কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। এছাড়াও যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকগণের অনেকেই বৈঠকে অংশ নিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করেন।