উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সোমবার (১২ অক্টোবর) সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার। বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, প্রত্যাবাসন এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষই পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে ধারাবাহিক আলোচনা ও নিবিড় সহযোগিতা বজায় রাখতে সম্মত হয়।
প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বিষয়ে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করতে চাহিদা-ভিত্তিক ও ফলাফল-মুখী 'মোবিলিটি করিডোর'-এর মাধ্যমে বাংলাদেশি দক্ষ কর্মীদের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান। এছাড়া তিনি 'নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক গ্লোবাল কমপ্যাক্ট'-এর লক্ষ্য বাস্তবায়নে 'জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০' তুলে ধরেন।
ইইউ কমিশনার বৈঠকে 'ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ' উপস্থাপন করেন যার লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসন রোধ করা। প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন প্রতিরোধে নথিপত্র জালিয়াতি ও অপরাধী চক্রের বিরুদ্ধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে কমিশনারকে অবহিত করেন। নিয়মিত অভিবাসনের পথ সুগম করার স্বার্থে তিনি অনিয়মিত অভিবাসনের মূল কারণগুলো সমাধানের ওপরও পুনরায় জোর দেন।
অভিবাসন খাতের সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সমন্বিত উদ্যোগের গুরুত্ব স্বীকার করে উভয় পক্ষই সহযোগিতা জোরদারে একমত হয়। প্রতিমন্ত্রী এ সময় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাসহ বহুমুখী অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা জানান।