উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুরান ঢাকার চকবাজারের কাটরা মসজিদ এলাকার মনসুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাত ঘণ্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল মাহমুদুল হাসান সোমবার দিবাগত রাত ১টার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সঙ্গে স্পেশাল রেসপন্স টিম ও লাইটিং ইউনিটসহ মোট ১২টি ইউনিট কাজ করছে।
তিনি জানান, সরু রাস্তা, ভবনের কাঠামোগত জটিলতা এবং গোডাউনে বিপুল পরিমাণ মালামাল মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। সোমবার বিকেল ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে এবং ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির কসমেটিকস ও ব্যাগের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সরু রাস্তাঘাটের কারণে বিশেষায়িত ও ভারী গাড়ি ঘটনাস্থলে নেওয়া কঠিন হচ্ছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে হতাহতের কোনো খবর নেই তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে দু’জন কর্মী আহত হয়েছেন। ভবনটির ষষ্ঠ তলার মালামাল পুড়ে গেছে এবং পঞ্চম তলায় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ জন সদস্যসহ স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা কাজ করছেন। ঘটনাস্থলে সব মিলিয়ে প্রায় ২০০ থেকে ৩০০ জন কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মীরা।