উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ সোমবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।
সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে এবং সেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। প্রতিটি গুদামই তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে গিয়ে আগুন নেভাতে সময় লাগছে। এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা শাহজাহান হোসেন ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করার তথ্য জানান। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে ঢুকতে না পারায় এবং পানির স্বল্পতায় সমস্যা হচ্ছে।
বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এবং বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রথমে তিনটি ইউনিট কাজ করলেও পরে তা বাড়িয়ে প্রথমে নয়টি এবং পরে ১০টি করা হয়। রাত ১২টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, ভবনটিতে প্রসাধনী ও ওষুধের গুদাম রয়েছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ১৫০ সদস্য কাজ করছেন বলে জানান তিনি। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি। রাত ১২টা পর্যন্ত এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি এই কর্মকর্তা। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।