উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এক ব্যতিক্রমী ও আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিদ্যালয়টির নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ ফেরদৌস রহমান (বিএসসি)। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পেলেই নিজস্ব অর্থায়নে তাদের পরিবারের সদস্যসহ কক্সবাজার ভ্রমণের বিমানের টিকিট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ উদ্দীপনামূলক ঘোষণা দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেলে পরিবারসহ কক্সবাজার ভ্রমণের বিমানের টিকিট দেওয়া হবে এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেলে উপহার হিসেবে মিলবে নেপাল ভ্রমণের দারুণ সুযোগ।
পড়াশোনার মান বৃদ্ধিতে গুরুত্বারোপ করে ফেরদৌস রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিদ্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক সমস্যার সমাধানে আশ্বাস দিয়ে তিনি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবিরের সহযোগিতায় যাবতীয় উন্নয়নমূলক কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে যান এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের লেখাপড়া ও সার্বিক খোঁজখবর নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাজেম আলীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ মনজুর রহমান, মোঃ ফরহাদ হোসেন, মোঃ জহিরুল ইসলাম, আশরাফ হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ লুৎফর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।