উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে এবং গড় মূল্যস্ফীতি বেড়ে আশঙ্কাজনকভাবে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এই তথ্য জানানো হয়।
ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের চলমান বার্ষিক বৈঠকের মধ্যেই নতুন এই পূর্বাভাস প্রকাশ করা হলো। এর আগে গত এপ্রিলে সংস্থাটি চলতি অর্থবছরে ৪ দশমিক ৩ শতাংশ এবং জুলাইয়ে ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। নতুন হিসাবে এপ্রিলের তুলনায় প্রবৃদ্ধির পূর্বাভাস কমেছে ১ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট।
অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ে সংস্থাটির আশঙ্কা আরও বেড়েছে। গত এপ্রিলে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। নতুন প্রতিবেদনে তা বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে, যা আগের পূর্বাভাসের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশীয় পয়েন্ট বেশি।
আইএমএফের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৬ শতাংশ এবং এর আগের অর্থবছরে তা ছিল ৩ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতি দীর্ঘ সময় উচ্চপর্যায়ে থাকলে নির্দিষ্ট ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ার শঙ্কা রয়েছে।
প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি ৭ শতাংশ এবং ভুটানের ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো ও আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠাই এখন নীতিনির্ধারকদের সামনে বড় চ্যালেঞ্জ।