উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল ধারাবাহিকভাবে কমছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা-কুশিয়ারা এবং তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। আগামী তিন থেকে পাঁচ দিন এসব নদীর পানি কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমন কল্যাণ দাসের পাঠানো এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন কমতে পারে। অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিন কমার পূর্বাভাস রয়েছে।
এদিকে দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার কাছাকাছি সময়ে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নদ-নদীর পানি হ্রাসের এই ধারা আরও কিছুদিন বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।