উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণার পর থেকেই বাজারে চাহিদা বহুগুণ বেড়ে গেছে। তবে সেই তুলনায় ডিলার ও কোম্পানিগুলোর পক্ষ থেকে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।
মোহাম্মদপুরের বিক্রেতা রবিউল ইসলাম জানান, তাঁর ২০০ সিলিন্ডারের অর্ডারের বিপরীতে কোম্পানি মাত্র ৫০টি দিয়েছে। ধানমন্ডির শংকরের দিপু এন্টারপ্রাইজের মালিক নাহিদ ইসলাম বলেন, তাঁর দৈনিক চাহিদা ৭০ থেকে ৮০টি হলেও তিনি পেয়েছেন মাত্র ২০টি। আদাবর, মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট ও কারওয়ান বাজার ঘুরেও একই চিত্র দেখা গেছে।
গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। তবে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার কিনতে ক্রেতাদের নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৪৫০ টাকা বেশি দিতে হচ্ছে। বর্তমানে এসব সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড হয়রানি বন্ধসহ কয়েক দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারিও দিয়েছে তারা। এই ঘোষণার ফলে ক্রেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায় আগেভাগেই সিলিন্ডার কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ।