উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানরা। সিরিজের একমাত্র টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট এবং আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান।
৪৭৯ রানের জবাবে দ্বিতীয় ওভারেই ওপেনার আব্দুল মালিককে ২ রানে ফেরান পেসার এবাদত হোসেন। মারমুখী মেজাজে ১৯ রান করা নাদা শহিদুল্লাহকে আউট করেন হাসান মাহমুদ। ২৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তোলেন সেদিকুল্লাহ আতাল ও রহমত শাহ।
এই জুটি ২১৪ বলে ৮২ রান যোগ করে দলের রান একশ পার করেন। ৫১ রান করা রহমতকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এবাদত। দিন শেষে আতাল ৩৫ ও হাসমতুল্লাহ শাহিদি ১৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে এবাদত ২টি এবং হাসান ১টি উইকেট শিকার করেছেন।
এর আগে লিটন দাসের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লিটন ১১৭ বলে ১০২ এবং মিরাজ ৯৭ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন। সপ্তম উইকেটে লিটন ও মিরাজ ২০১ বলে ১৪৯ রানের দুর্দান্ত জুটি গড়েন।