উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর বেলা ১২টায় দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাবিবা ফারজানা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা দুর্যোগের ঝুঁকি কমাতে সকলকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান। মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের করণীয় বিষয়গুলো হাতে-কলমে প্রদর্শন করা হয়।