উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতালীয় ভাষা, সংস্কৃতি এবং কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে ইতালি সরকার। এ লক্ষ্যে আগামী মাসে একটি বিশেষ কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটি। প্রশিক্ষণের মাধ্যমে এসব কর্মীর ইতালিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় দুই দেশের মধ্যে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো এবং দক্ষ জনশক্তি পাঠানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি নাগরিক ইতালিতে স্থায়ীভাবে ও সুনামের সঙ্গে বসবাস করছেন এবং তাঁদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বৈঠকে অনিয়মিত পথ পরিহার করে বৈধ অভিবাসনের সুযোগ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়।
ইতালির রাষ্ট্রদূত জানান যে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার উদ্দেশ্যে তাঁর দেশ আগামী মাসে বিশেষ আয়োজন করতে যাচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার।