উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদাবাজি, নারী উদ্যোক্তাকে হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং এক কিশোরীকে উত্ত্যক্ত করার গুরুতর অভিযোগে নোয়াখালী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আকবরকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
ভুক্তভোগী নারী উদ্যোক্তা বিবি রহিমা অভিযোগ করেন, আকবর তাঁর খামারের মাছ ও হাঁস-মুরগি চুরি করেছেন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা দিতে অস্বীকার করায় গত ১১ অক্টোবর সন্ধ্যায় আকবরের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং কর্মচারীকে মারধর করে খালে ফেলে দেওয়া হয়।
অপরদিকে, স্বপনের স্ত্রী রুমি বেগম অভিযোগ করেন যে, আকবর তাঁর ১৩ বছর বয়সী স্কুলপড়ুয়া মেয়েকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতেন। মেয়েকে তুলে দেওয়ার হুমকি এবং সামাজিক সম্মানহানির ভয় দেখানোয় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার প্রতিবাদে সোমবার (১২ অক্টোবর) দুপুরে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন স্থানীয়রা। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।