উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিকাশ চন্দ্র গোলদার, গোপালগঞ্জ: জ্ঞানচর্চার বাতিঘর ও পুস্তক প্রকাশনা শিল্পকে কালিমালিপ্ত করার অপচেষ্টায় লিপ্ত চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন দেশের সর্বস্তরের পুস্তক ব্যবসায়ীরা। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুস ঢাকা দক্ষিণ বিভাগীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পিন্টু মিত্রকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি সাজানো মামলায় গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একই সাথে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানানো হয়েছে।
এক যৌথ প্রতিবাদ বার্তায় প্রকাশনা ও পুস্তক ব্যবসার সাথে সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অত্যন্ত মর্মাহত কণ্ঠে বলেন, যে দেশে পুস্তক ব্যবসা ও প্রকাশনা শিল্পকে সমাজগঠন এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান পেশা হিসেবে দেখা হতো, আজ কিছু সুবিধাবাদী চক্রের হীন অপতৎপরতায় সেই পবিত্র পেশা কুলষিত হতে চলেছে। পিন্টু মিত্রের মতো একজন দায়িত্বশীল ও সৎ ব্যবসায়ী নেতাকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও চক্রান্তমূলক কাল্পনিক মামলায় জড়াইয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে, যা চরম অনভিপ্রেত।
প্রাপ্ত তথ্যসূত্র ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, পিন্টু মিত্র বিগত দুই যুগেরও বেশি সময় ধরে সুনাম ও নিষ্ঠার সাথে পুস্তক ব্যবসা পরিচালনা করে আসছেন। গত বুধবার রাতে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান নিউ বই বিচিত্রা থেকে তাঁকে নিছক জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি সাজানো মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নথিভুক্ত করে গ্রেপ্তার দেখানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ, কোনো ধরনের নিরপেক্ষ তদন্ত ছাড়াই একজন প্রতিষ্ঠিত ও দায়িত্বশীল ব্যবসায়ী নেতাকে গ্রেপ্তার করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও গভীর উদ্বেগজনক।
প্রতিবাদ বার্তায় নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজার ঠিক প্রাক্কালে একজন নির্দোষ ও সৎ হিন্দু ব্যবসায়ী নেতাকে এভাবে হেনস্তা করা অত্যন্ত দুঃখজনক। এর ফলে হিন্দু ব্যবসায়ীদের ও সাধারণ ব্যবসায়ীদের মনে গভীর আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। অনতিবিলম্বে জনাব পিন্টু মিত্রের নামে দায়ের করা এই মিথ্যা ও অবাস্তব মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে সারা দেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতারা ধাপে ধাপে কঠোর আন্দোলন ও দেশব্যাপী কর্মসূচির ডাক দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।