উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল এবং রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার নবম বিশেষ জজ আব্দুস সালাম মঙ্গলবার ১৩ অক্টোবর এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক এবং রেজাউল করিম তরফদার।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে রাজউক কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলকে পূর্বাচলে ১০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন। ওই সময় রাসেল ও রুবেলের বাবা এম এ হাসেম নোয়াখালী-২ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন। এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন উপপরিচালক সিলভিয়া ফেরদৌস মতিঝিল থানায় মামলা করেন এবং মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন জানান, অপরাধমূলক অসদাচরণের দায়ে ৮ আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের দায়েও তাদের ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। বিচারক দুটি ধারার সাজা একসঙ্গে চলার নির্দেশ দেওয়ায় আসামিদের সর্বমোট সাত বছর করে কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় আদালত তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।