উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা এসব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে। সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে সাটুরিয়া থানাধীন কামতা এলাকার নাহার গার্ডেনের প্রধান ফটকের সামনে পাকা সড়কে অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাটুরিয়া উপজেলার কামতা এলাকার মোয়াজ (২৪), খল্লী হিন্দুপাড়া এলাকার মো. ইয়ামিন আলী (২৮) এবং ঢাকার ধামরাই উপজেলার হাতকোড়া এলাকার মো. মোজাম্মেল হোসেন ওরফে মোজা (৪০)। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর দিকনির্দেশনায় এবং ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি অভিযানিক দল তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে।
অভিযানের সময় গ্রেপ্তার মোয়াজের কাছ থেকে ৫০ পিস, ইয়ামিন আলীর কাছ থেকে ৪৫ পিস এবং মোজাম্মেল হোসেনের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত সব মিলিয়ে ১৩৫ পিস ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার ৫০০ টাকা। এ পুরো ঘটনায় সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।