উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনা উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৯ সেপ্টেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি প্রিভেনটিভ টিম মিজমিজি দক্ষিণপাড়ার ইউএজিএম বিডি লিমিটেড নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠানটি কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর আওতাধীন একটি প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল।
অভিযানকালে কর্মকর্তারা দেখতে পান, প্রতিষ্ঠানটি শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করলেও কারখানায় কোনো কার্যকর উৎপাদন ব্যবস্থা নেই। উৎপাদনের জন্য স্থাপিত মেশিনপত্রগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এবং উৎপাদনের তুলনায় বিদ্যুতের ব্যবহারও ছিল অত্যন্ত কম। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি ইউপি গ্রহণ করে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে রপ্তানি দেখালেও বাস্তবে শুল্কমুক্ত কাঁচামাল স্থানীয় খোলাবাজারে বিক্রি করে আসছিল।
আমদানি তথ্য, উৎপাদন সক্ষমতা ও বিদ্যুৎ ব্যবহারের হিসাব বিশ্লেষণ করে এই বিশাল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। প্রতিবেদনটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কাছে পাঠানো হয়েছে। এনবিআর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার রোধে এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।