উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লোহার ফটক টপকে যন্তর মন্তরে ঢোকার অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে মন্দির মার্গ থানায় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হলে দিল্লি পুলিশের যুক্তি মেনে তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সিজেপির অন্য নেতা অজিঙ্ক শিন্ডেকে শান্তি ভঙ্গের শর্তে মুক্তি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে আশুতোষ, সৌরভ ও অজিঙ্ক পুলিশের চোখ এড়িয়ে প্রায় ১০–১২ জন সমর্থক নিয়ে যন্তর মন্তরে ঢুকে পড়েন।
যন্তর মন্তরে ঢুকে সিজেপি নেতারা জাতীয় পতাকা উড়িয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর বাতিলের দাবি জানান। পাশাপাশি তাঁরা কেন্দ্রীয় সরকারবিরোধী স্লোগান দিলে পুলিশ তাঁদের আটক করে এবং গভীর রাতে গ্রেপ্তার দেখায়। সিজেপির আইনজীবী অভীষ্ট হেলা জানান, পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে যুক্তি দিয়েছে যে আসামিরা ফোন করে লোক জড়ো করে আইন ভেঙেছেন। সিজেপি নেতা অভিজিৎ দিপ এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাপুরুষ বলে আক্রমণ করেছেন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এক্স হ্যান্ডলে এর প্রতিবাদ জানিয়েছেন।