উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রাফি স্মৃতি মহানগর জুনিয়র অনূর্ধ্ব-১৮ ক্রিকেট লীগ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির পিতা জনাব ওসমান গণি মনসুর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, অনূর্ধ্ব-১৮ পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে এবং জাতীয় পর্যায়ে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনারগণ উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জনাব জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবউদ্দিন আহামদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।