উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের পূর্ণ গ্যারান্টির আওতায় ন্যাশনাল ব্যাংক পিএলসিকে সাত হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। তিন মাসের ঋণ চুক্তির মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়েছে এবং ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ। ইতোমধ্যে এই ঋণের অর্থ লেনদেন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
চুক্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংককে ওই অর্থ পরিশোধ করবে। গত মাসে ন্যাশনাল ব্যাংকের চার আমানতকারী সঞ্চয়ের টাকা ফেরত পেতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর সর্বশেষ এই তারল্য সহায়তা পেল ব্যাংকটি।
এই সহায়তার ফলে আগামী ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে পারবে ন্যাশনাল ব্যাংক এবং গ্রাহকেরা তাদের আমানতের টাকা তুলতে পারবেন। ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির লোকসান হয়েছে দুই হাজার ৪৩০ কোটি টাকা এবং ২০২৪ সালে যার পরিমাণ ছিল এক হাজার ৭২২ কোটি টাকা।
দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে থাকা এই ব্যাংকের গত চার বছরে মোট লোকসানের পরিমাণ প্রায় নয় হাজার কোটি টাকা। গ্রাহকসেবা পুনরায় চালুর আগে ১৪ অক্টোবরের মধ্যে সব শাখায় প্রয়োজনীয় অর্থ পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে ব্যাংকটি আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করেছে। গত ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় সাত হাজার আবেদন জমা পড়েছে।